খবর লাইভ: কুলভূষণ যাদব মামলায় আইনজীবী নিয়োগের সুযোগ পেল ভারত। ভারত সরকার চাইলে আগামী ১৩ এপ্রিলের মধ্যে তাঁর জন্য আইনজীবী নিয়োগ করতে পারে। বৃহস্পতিবার এই রায় দিয়েছে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট।
বৃহস্পতিবার আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, কুলভূষণ যাদব একজন মানুষ। তাঁর বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা করা হয়েছে, তিনি সেই রায় চ্যালেঞ্জ করতেই পারেন। সেক্ষেত্রে তাঁকে শুনানির ন্যায্য সুযোগ দেওয়া উচিত। এটি কুলভূষণ যাদবের প্রাপ্য অধিকার। আদালত তা অস্বীকার করতে পারে না। তাই ভারত সরকার যদি চায়, তাহলে ভারতীয় নৌসেনার এই প্রাক্তন আধিকারিকের জন্য আইনজীবী নিয়োগ করতেই পারে।
২০১৭ সালের এপ্রিল মাসে কুলভূষণকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাকিস্তানের সেনা আদালত। সেই রায় পুনর্বিবেচনার দাবি করেন কুলভূষণ। নয়াদিল্লির তরফে কুলভূষণের জন্য আইনজীবী নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পাকিস্তান সরকার ভারতের এই প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর International Court of Justice-এর দ্বারস্থ হয় নয়াদিল্লি।
২০২১ সালের নভেম্বর মাসে পাকিস্তানে একটি বিশেষ বিল পাশ করা হয়। পার্লামেন্টের যৌথ অধিবেশনে এই বিল পাশ করেন পাক জনপ্রতিনিধিরা। আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ করতে হয় সেদেশের সরকারকে। কুলভূষণ যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে আবেদন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই বিল পাশ করা হয়েছিল। অবশেষে এই মামলায় ভারত সরকার আইনজীবী নিয়োগের সুযোগ পাওয়ায় খুশি নয়াদিল্লি।




