খবর লাইভ: পুরভোটে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীকে। শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে দফায় দফায় বিক্ষোভ বিজেপি-র। দুপুর ২টো থেকে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি-র যুব মোর্চার কর্মীরা। যা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ওই এলাকায়। ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
এদিন কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও পর্যন্ত ৪০-৪৫ জন বিজেপি কর্মীকে আটক করা হয়। আটক করা হয়েছে বিজেপি-র যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং বিজেপি নেতা কল্যাণ চৌবেকে। ধ্বস্তাধ্বস্তিতে মাথায় আঘাত পান এক পুলিশকর্মীও।
শুভেন্দু অধিকারী বলেন, “বিধাননগর সহ বিভিন্ন পুরসভার ভোটে রাজ্য নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছি। আধা-সামরিক বাহিনী মোতায়েন না করা হলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।”




