State

বিধানসভার অধিবেশনের আগেই ‘শাহ’ তলবে দিল্লিতে শুভেন্দু

0
(0)

খবর লাইভ : আগামিকাল ২ জুলাই। কাল থেকেই রাজ্য বিধানসভায় বসতে চলেছে বাজেট অধিবেশন। ঠিক তার আগেই বৃহস্পতিবার দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে ডাক আসতেই দিল্লি গিয়েছেন শুভেন্দু। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ কী এমন হল যে শুভেন্দুকে দিল্লিতে তলব করা হল? যদিও শুভেন্দু নিজে কাউকে কিছু যেমন বলে যাননি, তেমনই রাজ্য বিজেপির নেতারাও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে শোনা যাচ্ছে, ‘অল ইজ নট ওয়েল ইন বিজেপি।’ দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই নেতাকে বাড়তি গুরুত্ব দিলেও কোথাও গিয়ে বার বার সুর কেটে যাচ্ছে।

শুভেন্দুর এই দিল্লি সফর ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলের একটা অংশের অভিমত, আগামিকাল থেকে বাংলার বিধানসভা যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সেখানে বিরোধী দল হিসাবে বিজেপি ও বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর কী ভূমিকা হবে, সেই বিষয়ে আলোচনা করতেই শুভেন্দুকে তলব করা হয়েছে দিল্লিতে। এছাড়া বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব বিজেপি। ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি যে রিপোর্ট দিয়েছে, তাকেও নিজেদের জয় বলেই মনে করছে রাজ্য বিজেপি। এই পরিস্থিতিকে হাতিয়ার করে শাসক দলের উপর চাপ বাড়াতে আর কী কী কৌশল নেওয়া যায়, দুই শীর্ষ নেতার সঙ্গে সম্ভবত সেই বিষয়েও আলোচনা করতে পারেন শুভেন্দু। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসকদলকে আসন্ন অধিবেশনে কীভাবে ফাঁপড়ে ফেলা যায়, সূত্রের খবর সেই বিষয়েও নাড্ডা-শাহের থেকে টোটকা নেবেন বিরোধী দলনেতা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন, শুভেন্দুকে ঘিরে সঙ্ঘের ও বঙ্গ বিজেপির কিছু আদি নেতার অভিযোগ জমা পড়েছে শাহ ও নাড্ডার কাছে। তার জেরেই এই তলব। তবে এটা ঠিক যে শুভেন্দুকে দিয়েই আগামী দিনে বাংলায় বিজেপি তার রণকৌশল সাজিয়ে যাবে। মমতার বিরুদ্ধে বার বার শুভেন্দুকে এগিয়ে দেওয়া হবে। তবে সেই কৌশল কতখানি সফল হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। কেননা রাজ্য রাজনীতিতে বিজেপি এখন প্রধান বিরোধী দল হলেও গুরুত্ব হারাচ্ছে দ্রুত। অনেকেই দল ছাড়ছেন। এই অবস্থায় শুভেন্দুকে সামনে এনে দলকে চাঙ্গা কতখানি রাখতে পারবেন শাহ আর নাড্ডা তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ দলেরই অন্দরে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *