খবর লাইভ : রাজ্যের চার পোড়খাওয়া, দাপুটে মন্ত্রী, মোদি ভক্ত এক অর্থনীতিবিদ, এক প্রাক্তন সেনা আধিকারিক, টলিউড অভিনেত্রী, জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেত্রী থেকে শুরু করে বেশ কয়েকজন ‘দলবদলু’-আজ সোমবার বঙ্গে সপ্তম দফার ভোটে নিজেদের ভাগ্যপরীক্ষায় নেমেছেন সবাই। রাজ্যের পাঁচ জেলার ৩৪ আসনে প্রকৃত অর্থেই ত্রিমুখী লড়াই। প্রথম ছয় দফার ভোটে অশান্তি রুখতে ‘ডাহা ফেল’ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সপ্তম দফার ভোটেও যথারীতি নিরাপত্তার বজ্র আঁটুনির ব্যবস্থা করা হয়েছে। মোট ৭৯৬ কোম্পানি ‘ভাড়াটে’ আধা সেনাকে কাজে লাগানো হচ্ছে। তার মধ্যে বুথ পাহারায় থাকছে ৬৫৩ কোম্পানি ‘ভাড়াটে’ নিরাপত্তা রক্ষী।
আজ সপ্তম দফায় রাজ্যের দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলার ৩৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ছোবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থীর ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। ১৬ মে ওই দুই আসনে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ যে সব আসনে ভোট নেওয়া হচ্ছে তাতে ভাগ্যপরীক্ষা চার মন্ত্রীর। কলকাতা বন্দর থেকে লড়ছেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম। ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই ভোটে দাঁরিয়ে জিতেছিলেন তিনি। ফলে হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে তিনি। বালিগঞ্জ থেকে লড়ছেন রাজ্যের আরও এক দাপুটে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিম। গত বছর করোনার সময়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই প্রশংসিত হয়েছিলেন।
নিজের কেন্দ্র রাসবিহারী ছেড়ে এবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ভবানীপুর আসন থেকে লড়ছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত লোকসভা ভোটে ভবানীপুরে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু সজ্জন ও আদ্যোপান্ত ভদ্রলোক হিসেবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুরে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন ‘দলবদলু’ রুদ্রনীল ঘোষ। আসানসোল উত্তর থেকে হ্যাটট্রিকের লক্ষে লড়ছেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।
গত লোকসভা ভোটে প্রচুর ভোটে এগিয়ে থাকা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এবার বিজেপির হয়ে ভাগ্যপরীক্ষায় নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভক্ত’ হিসেবে পরিচিত অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। প্রথমে আলিপুরদুয়ারে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানকার বিজেপি নেতা-কর্মীদের তুমুল বিক্ষোভের মুখে পিছু হঠে প্রাক্তন ব্যাঙ্ক কর্তাকে বালুরঘাটে রাজনৈতিক পুনর্বাসন দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আসানসোল দক্ষিণে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ।
আজকে সপ্তম দফার ভোটে পাণ্ডবেশ্বর থেকে লড়ছেন ‘দলবদলু’ জিতেন্দ্র তিওয়ারি। গতবার তৃণমূলের হয়ে এই আসনে জিতেছিলেন তিনি। জামুড়িয়া থেকে লড়ছেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের লড়াকু ছাত্র নেত্রী ঐশী ঘোষ। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে তৃণমূলের হয়ে ভাগ্যপরীক্ষায় নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচিত মুখ ইদ্রিশ আলি। কলকাতার রাসবিহারী থেকে বিজেপির হয়ে লড়াইতে নেমেছেন প্রাক্তন সেনা আধিকারিক সুব্রত সাহা।
বঙ্গে ভোট সপ্তমীতে যে ২৬৮ প্রার্থী লড়াইয়ে নেমেছেন তার মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৬০। আর মহিলা প্রার্থীর সংখ্যা ৩৭। তিন বা ততোধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় মোট ১২ কেন্দ্রে ‘লাল সতর্কতা’ জারি করেছে নির্বাচন কমিশন।
আজকে প্রথম ছয় দফায় শান্তিতে ভোট করাতে ডাহা ফেল করলেও সপ্তম দফাতেও নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ৩৪টি আসনের ১২ হাজার ৬৮ বুথ পাহারায় মোতায়েন করা হচ্ছে ৬৫৩ কোম্পানি আধা সেনা। তার মধ্যে পশ্চিম বর্ধমানে ১৫৪ কোম্পানি, মালদায় ১২২ কোম্পানি, মুর্শিদাবাদে ২০৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ২ কোম্পানি ও দক্ষিণ কলকাতায় ৬৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে।
পঞ্চম এবং ষষ্ঠ দফার মতো সপ্তম দফার ভোটে কলকাতার অশীতিপর এবং বিশেষ ভাবে সক্ষম ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছনোর বিনামূল্যে উবর ক্যাবের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য ৪০০ টাকার সুবিধা মিলবে। কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০-এ ফোন করে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন কলকাতা বন্দর, ভবানীপুর, বালিগঞ্জ ও রাসবিহারী কেন্দ্রের অশীতিপুর ও বিশেষভাবে সক্ষম ভোটাররা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…