খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসের দিন পুলিশের সঙ্গে কৃষকদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি। এই ঘটনার পর পরবর্তী রণকৌশল স্থির করতে এবার বৈঠক করবেন কৃষক নেতারা। আজ সেই বৈঠক হওয়ার কথা। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্দোলনরত কৃষকদদের জানাবেন নেতারা। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন সংসদ ভবন অভিযান করার পরিকল্পনা রয়েছে কৃষকদের। তার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে ইতিমধ্যেই দিল্লিতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি, উত্তর প্রদেশ ও হরিয়ানার কিছুটা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি জুড়ে রণক্ষেত্রের ঘটনার পর সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে দিল্লি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। ইতিমধ্যে সরকার পক্ষের সঙ্গে কৃষকদের একাদফা বৈঠক হয়েছে। কিন্তু এখনও কৃষকরা তাঁদের কৃষি আইন প্রত্যাহারের দাবি থেকে একচুলও সরেননি। অন্যদিকে সরকারও জানিয়ে দিয়েছে, তারা কৃষি আইন দেড় বছরের জন্য স্থগিত রাখতে রাজি আছে। কিন্তু আইন প্রত্যাহারের কোনও প্রশ্ন নেই।



