খবর লাইভ : দিল্লি পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী দিল্লি পুলিশের সঙ্গে কৃষকদের খণ্ডযুদ্ধ থেকে শুরু করে যেভাবে কৃষকরা রুট বদল করে অন্য পথে গিয়েছেন, এই সব কিছুই ব্যাখ্যা করা হয়। দিল্লি পুলিশের তরফে দিল্লি সীমান্তের নিকটবর্তী এলাকায় ইন্টারনেট বন্ধের আর্জি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই মতো এদিন রাত ১২টা পর্যন্ত দিল্লির সীমান্তবর্তী সিঙ্ঘু, গাজীপুর, তিরকি এলাকায় ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। এদিন কৃষক আন্দোলন নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতির অবনতি হলে আধা সামরিক বাহিনী নামানো হতে পারে।
এদিন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে হিংসাত্মক আন্দোলনের নিন্দা করা হয়েছে। মোর্চার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ যে অবাঞ্ছিত ও অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে, তার নিন্দা করছি। সেজন্য আমরা দু:খিত। যাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছিন্ন করছি।’



