খবর লাইভ : পাহাড়ে বিমল গুরুঙ্গকে স্বাগত জানাতে নারাজ বিনয় তামাং, অনীত থাপারা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠকে মোর্চা নেতা বিনয় তামাংয়ের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল। বিমল গুরুঙ্গকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেই করা মাত্রই বিনয় তামাং এর পাল্টা প্রশ্ন, ‘বিমল গুরুঙ্গ কে?’ একইসঙ্গে তিনি বলেন, ‘বৈঠকে বিমল গুরুঙ্গকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। আমাদের সিলেবাসে বিমল গুরুঙ্গ, রোশন গিরিরা নেই।’ তাহলে কী নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক? জবাবে তিনি বলেন, ‘এখন পাহাড়ে পর্যটকদের ভিড় পরিস্থিতিতে তাদের কিভাবে সুরক্ষিত রাখা, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই বিষয়েই বৈঠক হয়েছে।’
এদিন বিমল গুরুঙ্গয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন বিনয় তামাং আরও বলেন, ‘বিমল গুরুঙ্গ আদালতের থেকে পালাচ্ছেন। তার বিরুদ্ধে ইউএপিএ ধারা রয়েছে। জুডিশিয়ারির প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। তাই এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়।’
প্রসঙ্গত, সম্প্রতি বিমল গুরুঙ্গ অজ্ঞাতবাস থেকে প্রকাশ্যে এসে রাজ্যের শাসকদল তথা তৃণমূলকে সমর্থন জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে স্বাগত জানিয়েছেন। যদিও এরপরেও পাহাড়ে গুরুঙ্গ বিরোধী মিছিল বের হয়। বিনয় তামাং, অনীত থাপার অনুগামীরাই মিছিলে ছিলেন। ফলে শাসকদল গুরুঙ্গকে স্বাগত জানালেও তাঁর পক্ষে পাহাড়ে ঢোকা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।



