খবর লাইভ : দুর্গাপুজোর শুরুতেই মহাষষ্ঠীর সকালে ভার্চুয়ালি কলকাতার এক পুজো মণ্ডপের উদ্বোধন করে বাংলায় বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মহাষ্টমীর
0 সকালে বাঙালির মন জয় করতে বাংলা ভাষায় ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানালেন নমো। অন্যদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটারে মাতৃশক্তির বন্দনা করে দেশবাসী এবং প্রবাসী ভারতীয়দের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় ট্যুইট করে লিখেছেন, ‘সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।’
অন্যদিকে, রাষ্ট্রপতি কোবিন্দ তাঁর ট্যুইটবার্তায় দেশবাসী ও প্রবাসী ভারতীয়দের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বহু বছর ধরেই সারা ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে দুর্গা পুজো হয়ে আসছে। দশ দিন ধরে পালিত হয় এই উৎসব। উৎসবের সময় ভক্তরা শক্তির আরাধ্য দেবী -দুর্গা, জ্ঞানের দেবী-সরস্বতী এবং ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করেন। নারীদের সম্মান করা আমাদের ঐতিহ্য। আর তা উৎসবের সময়ও ফুটে ওঠে। আমাদের সকলের উচিত আমাদের নারী সম্প্রদায় অর্থাৎ মাতৃশক্তি ও ক্ষমতায়নকে সম্মান জানানো।’ একইসঙ্গে করোনা মহামারী মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে তিনি লেখেন, ‘বলা হয়ে থাকে যে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করতে সমস্ত দেবদেবীর সম্মিলিত শক্তিকে ব্যবহার করেছিলেন। এটা আমাদের শেখায় যে এই কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকটের মোকাবিলা করতে পারব।’


