খবর লাইভ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ।ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টে স্কটল্যান্ড এখন বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে।
এর আগে কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অবস্থান স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তেই ডামাডোল শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। শনিবার ইস্তফা দিলেন বিসিবির অন্যতম ডিরেক্টর ইশতিয়াক সাদেক। আর এক ডিরেক্টর আমজাদ হোসেন শনিবার বোর্ডের বৈঠকের পর জানিয়েছেন, বাংলাদেশ দলের দরজা শাকিব আল হাসানের জন্য খোলা।
এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং বিশ্বকাপের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশের ক্রিকেট কর্তা ইশতিয়াক বলেছেন, আমার ইস্তফার খবর সত্যি। পরিবার এবং ব্যক্তিগত কারণে গেম ডেভেলপমেন্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারছি না। নানা ব্যস্ততার কারণে প্রয়োজনীয় সময় বের করতে পারছি না। তাই এ ভাবে পদ আটকে রাখতে ভাল লাগছে না। ক্রিকেটের স্বার্থেই পদত্যাগ করেছি। অন্যদিকে, এরপরই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিসিবির কর্তারা। এই বৈঠকে প্রাক্তন অধিনায়ক শাকিবকে দলে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে। বিসিবির অন্যতম ডিরেক্টর আমজাদ বলেছেন, শাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। দল নির্বাচনের সময় শাকিবের বিষয়টি নির্বাচকেরা অবশ্যই বিবেচনা করবেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষতে প্রলেপ দিতেই জাতীয় দলে শাকিবকে ফেরানোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে বাংলাদেশের ক্রিকেটমহলের একাংশ।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, যদি সাকিব আল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসেবেলেটি; সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আবার জাতীয় দলের হয়ে খেলতে সাকিব নিজেও আগ্রহী। আমজাদ হোসেন বলেন, তাঁর সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুটির জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনে বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।




