Special News Special Reports State

চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দুকে রক্ষাকবচ হাইকোর্টের, রাজ্য ও সিএপিএফ-এর কাছে রিপোর্ট তলব

0
(0)

খবর লাইভ : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ প্রদান করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না।

গত ১০ জানুয়ারি পুরুলিয়ার দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয় আক্রান্ত হয় বলে অভিযোগ। রাস্তার একদিকে বিজেপি সমর্থকরা দাঁড়িয়ে থাকলেও, উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে একদল জমায়েত ছিল। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ঘিরে ফেলেন।

হামলার প্রতিবাদে ওই দিনই চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে আইসির ঘরের মেঝেতে বসে প্রায় ৬ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন তিনি। অভিযোগ দায়ের করে থানা ছাড়ার পরদিন সকালেই দেখা যায় নাটকীয় মোড়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই পাল্টা একটি অভিযোগ দায়ের হয় থানায়।

অযথা পুলিশের হেনস্থা ও গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। বুধবার তাঁর আইনজীবী আদালতে সওয়াল করেন যে, যাঁর ওপর হামলা হলো, তাঁকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি শুভ্রা ঘোষ ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর আইনি রক্ষাকবচ বজায় রাখার নির্দেশ দেন।

একইসঙ্গে, ওই দিন চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে ঠিক কী ঘটেছিল এবং নিরাপত্তার ঘাটতি ছিল কি না, তা জানতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। হাইকোর্টের এই নির্দেশে আপাতত স্বস্তিতে বিজেপি শিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *