খবর লাইভ : ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আমনজ্যোৎ কৌর ইতিমধ্যে দেশবাসীর হৃদয় জয় করেছেন। তাঁর একটি আচরণেই মুগ্ধ গোটা দেশ। গত বুধবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে ফোটোশ্যুটের সময় আমনজ্যোৎ নিজের পদকটি প্রতীকার গলায় পরিয়ে দেন। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে নাম লিখিয়েছেন প্রতীকা রাওয়াল। কিন্তু, আইসিসি-র নিয়ম অনুসারে তাঁকে কোনও পদক দেওয়া হয়নি।
এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, প্রতীকার গলায় একটি পদক রয়েছে। সঙ্গে এও দেখা গিয়েছে যে একেবারে পিছনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন আমনজ্যোৎ কৌর। তাঁর গলায় কোনও পদক নেই।
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, এক্ষেত্রে আমনজ্যোৎই তাঁর বড় মনের পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোটোশ্যুটের সময় তিনি নিজের পদকটি প্রতীকাকে দিয়ে দেন। আইসিসি-র নিয়ম অনুসারে, ১৫ সদস্যের স্কোয়াডকেই পদক দেওয়া হবে। এই টুর্নামেন্টের শুরুতে প্রতীকা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু, পরবর্তীকালে চোটের কারণে তাঁর জায়গায় দলে আসেন শেফালি বর্মা। ফাইনালে ম্য়াচের সেরা হয়েছেন শেফালি। তিনি বিশ্ব জয়ের পদক পেলেও, প্রতীকাকে কিছু দেওয়া হয়নি।
২০০৩ সালে এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পেস তারকা জেসন গিলেসপিকে কোনও পদক দেওয়া হয়নি। আসলে এই টুর্নামেন্টে গিলেসপি ৪ ম্য়াচ খেলেছিলেন এবং শিকার করেছিলেন ৮ উইকেট। এরপর তিনি চোটের কারণে ছিটকে যান এবং তাঁর জায়গায় দলে আসেন নাথান ব্র্যাকেন।




