খবর লাইভ:জেলা পরিষদের ওয়েবসাইট খুললেই দেখা মিলছে পাকিস্তানি পতাকা। পাশাপাশি বেশ কিছু লেখা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হুলস্থূল পড়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলাপরিষদে। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওয়েব সাইটি হ্যাক হয়েছে। এর আগে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়েও একই রকমের ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় স্বভাবতই চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে জেলায়।
যে সংস্থা এই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করে তাদেরও জানানো হয়। শনিবার সকালের মধ্যে ওয়েবসাইট ঠিক করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। সভাধিপতি জানিয়েছেন, এখনও পর্যন্ত অপরাধের কোনও প্রমাণ মেলেনি। তাই পুলিশেও অভিযোগ দায়ের হয়নি।
শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার বিভাগটি খোলার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাতে ভেসে উঠছে পাকিস্তানের পতাকা এবং ভুল বানানে হুমকি। তাতে বার্তা দেওয়া হয়েছে যে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার স্বপ্ন অধরাই থাকবে। কারণ, পাকিস্তান হ্যাকিংয়ের মাধ্যমে বারবার সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে, ত্রাস ছড়াবে, তথ্য চুরি করে নেবে। এটা যেন ভারতের মাথায় থাকে।




