খবর লাইভ : ইজরায়েলি হামলায় দক্ষিণ গাজার নাসের হাসপাতালে অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ জন সাংবাদিকও রয়েছেন। এই প্রসঙ্গে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “হামলায় এ পর্যন্ত ২০ জন শহীদ হয়েছেন, যার মধ্যে পাঁচ জন সাংবাদিক এবং একজন সিভিল ডিফেন্স কর্মী।”
দক্ষিণ গাজার একটি বড় মেডিকেল কমপ্লেক্স নাসের হাসপাতাল, যা যুদ্ধের শুরু থেকে একাধিকবার ইজরায়েলের হামলার শিকার হয়েছে। সূত্রের খবর, ইজরায়েল ও হামাসের মধ্যে এই দুই বছরের যুদ্ধে প্রায় ২০০ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ইজরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি হামলা চালিয়েছে। তারা আরও জানায়, তাদের সেনাপ্রধান যত দ্রুত সম্ভব প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তারা নিরীহ ব্যক্তিদের যেকোনও ক্ষতিতে অনুতপ্ত। সেই বিবৃতিতে এও জানানো হয়েছে যে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু কখনই সাংবাদিকেরা ছিলেন না।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র বাসাল বলেন, ‘প্রথমে একটি বিস্ফোরক ড্রোন নাসের হাসপাতালের একটি ভবনে হামলা চালায়, এরপর আহতদের সরানোর সময় একটি বিমান হামলা চালানো হয়।’
কাতার-ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁদের ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যান মোহাম্মদ সালামা এই হামলায় নিহত হয়েছেন। আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, “আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানায়। ইজরায়েলি দখলদার বাহিনী সত্যকে নীরব করার জন্য একটি পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে সাংবাদিকদের সরাসরি লক্ষ্যবস্তু বানাচ্ছে ও হত্যা করেছে।”




