খবর লাইভ : চাকরিহারা শিক্ষকরা নাকি পুলিশকে বোমা মারার ছক কষছেন – একটি অডিয়ো শুনিয়ে এমনই দাবি করল বিধাননগর পুলিশ। সোমবার স্কুল সার্ভিস কমিশন
(এসএসসি) ভবন অভিযান করার কথা আছে চাকরিহারা শিক্ষকদের সংগঠন ‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ’। আর সেইসময় চাকরিহারা শিক্ষকরা পুলিশের উপরে হামলা চালানোর ছক তৈরি করেছেন বলে দাবি করেছে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অনীশ সরকার জানিয়েছেন, সোমবার এসএসসি ভবন অভিযানের জন্য ওই সংগঠনের তরফে মেল করা হয়েছে। তবে পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। আর তারপরই পুলিশের হাতে সেই অডিয়ো রেকর্ডিং এসেছে বলে দাবি করেন ডিসি (বিধাননগর)। অডিয়ো রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
বিধাননগরের ডিসি জানিয়েছেন, সেই অডিয়ো হাতে আসার পরে রুজু করা হয়েছে মামলা। শুরু করে দেওয়া হয়েছে তদন্ত। যাঁরা কথা বলছিলেন, তাঁদের ইতিমধ্যে চিহ্নিত করে ফেলা হয়েছে। সেইসঙ্গে তিনি আর্জি জানিয়েছেন যে যাঁরা হিংসা ছড়ানোর পরিকল্পনা করছেন, তাঁদের ফাঁদে যেন কোনওভাবে পা না দেন চাকরিহারা শিক্ষকরা।
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চের নেতা সুমন বিশ্বাস। তিনি জানিয়েছেন, পুরোটাই রাজ্য সরকারের চক্রান্ত। চাকরিহারা শিক্ষকরা যে আন্দোলন করছেন, সেটা যাতে নষ্ট করে দেওয়া যায়, সেজন্যই এমন চক্রান্ত করা হচ্ছে। তাঁদের সংগঠন কোনওভাবেই হিংসাত্মক আন্দোলনের সমর্থন করে না বলে জানিয়েছেন সুমন।
পুলিশকে কটাক্ষ করে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘সিপিআইএম যেমন এখন কোনওদিন বোমা শব্দটা মনে করে….বোমা? বুথ দখল? রিগিং? থান কাপড়? বাইক বাহিনী? সিপিআইএম যেমন আঁতকে ওঠে, পুলিশেরও ওরকম অবস্থা হয়েছে। কোনওদিন শোনেনি। বিধাননগরের পুলিশকে বলুন কমিশনারেটের পিছনে যে রোহিঙ্গারা বসে আছে, ওদের উচ্ছেদ করতে।’




