খবর লাইভ : কেন তাঁর সঙ্গে আলোচনা করে গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করা হয়নি? এই অভিযোগে প্রকাশ্যে ডিএফওকে ‘ধমক’ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর। এই ভিডিও সামনে আসতেই রীতিমত হুলস্থূল পড়ে যায়। সরকারি আধিকারিকের সঙ্গে অপমানজনক আচরণের অভিযোগে ফের বিতর্কে তৃণমূল।
বন আধিকারিককে প্রকাশ্যে শাসানি তৃণমূল বিধায়কের। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় অগ্নিশর্মা শাসক বিধায়ক। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কাছে চরম অপমানিত ডিএফও।
ঘটনাস্থলে দুর্গাপুরের এসডিএম সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেননি বলে অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধি হলেই কি সরকারি আধিকারিককে সর্বসমক্ষে অপমান করা যায়? প্রশাসনিক কর্তাদের সম্মানহানি করা কি রাজনীতির অঙ্গ?
পাশাপাশি তিনি লিখেছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। সরকারি কর্মচারীদের সঙ্গে দলীয় নেতারা প্রায়শই চাকর-বাকরের মতো আচরণ করেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এ নিয়ে রাজনীতির পারদ চড়তেই নিজের আচরণের জন্যও ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত শাসক বিধায়ক।




