খবর লাইভ : কোনও ক্রিকেট ম্যাচে এক ওভারে ৩৬ রানের রেকর্ড আমরা অনেকেই জানি। তবে আফগানিস্তানের একজন ব্যাটার এবার এমন লঙ্কাকাণ্ড করলেন, যা এর আগে কেউ কখনও চিন্তাই করতে পারেনি। ইংল্যান্ডে আপাতত ইসিএস টি-১০ লিগ আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে আফগান ব্যাটার উসমান গনির বিধ্বংসী ব্যাটিং এমন তাণ্ডবলীলা চালিয়েছে, যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত হতবাক হয়ে গিয়েছে।
জানলে অবাক হবেন , উসমান গনি এক ওভারে ৪৫ রান সংগ্রহ করেছেন। আর ক্রিকেট বিশ্বে কায়েম করেছেন এক নয়া রেকর্ড। বিপক্ষ বোলারদের তিনি কার্যত দুরমুশ করে ছেড়েছেন। মাত্র ৪৩ বলে তিনি অপরাজিত ১৫৩ রানে একটি দুরন্ত ইনিংস উপহার দেন। ইতিমধ্যে তিনি ১৭ ছক্কা আর ১১ চার হাঁকিয়েছেন। গনির এই ধামাকাদার ইনিংস দেখার পর গোটা ক্রিকেট বিশ্বে কার্যত ত্রাসের সঞ্চার হয়েছে।
গত ১ আগস্ট ইসিএস টি-১০ লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট এবং গিলফোর্ডের মধ্যে একটি ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগানিস্তানের ক্রিকেটার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করলেন। গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। এর্নির এই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩ চার হাঁকিয়েছেন।




