খবর লাইভ : ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে ২২ মিনিটে! পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!
বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। মোদী বলেন, ‘‘যাঁরা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাঁদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে!’’ বিকানেরের জনসভা থেকে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে কী ভাবে প্রত্যাঘাত হানা হয়েছিল, সেই প্রসঙ্গেও বিস্তারিত বিবরণ দেন মোদী। পাশাপাশি, স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দেন, সন্ত্রাসবাদকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। পহেলগাঁওয়ে হামলার পর ‘অপারেশন সিঁদুর’ই তার প্রমাণ, এমনটাই দাবি প্রধানমন্ত্রীর।
মোদি বলেন, ‘‘সিঁদুর যারা মুছতে এসছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি।’’ তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, সামনাসামনি লড়াই হলে কোনও দিনই জিতবে না পাকিস্তান। মোদী বলেন, ‘‘আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর। যারা নিজেদের অস্ত্রে গর্ব করত, আজ তারা হতাশায় ভুগছে।’’




