খবর লাইভ : ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তানকে সতর্ক করার মন্তব্য ঘিরে বিতর্কের পর, বিদেশ মন্ত্রক আজ একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে কোনও বার্তা দেওয়া হয়নি। জয়শঙ্করের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছে মন্ত্রক।
সম্প্রতি একটি ভিডিওতে জয়শঙ্কর বলেন, অপারেশন সিঁদুরের শুরুতে আমরা পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলাম যে, আমরা জঙ্গি ঘাঁটিতে আঘাত করছি, কিন্তু তাদের সামরিক বাহিনীর ওপর কোনও হামলা করছি না। তারা যদি চায়, আমাদের এই কাজে হস্তক্ষেপ না করার বিকল্প রয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের পর। তিনি অভিযোগ করেছেন যে, ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে আগেই জানানো হয়েছিল, যা যুদ্ধনীতির পরিপন্থী।
MEA-র পক্ষ থেকে জানানো হয়েছে, জয়শঙ্করের মন্তব্যের উদ্দেশ্য ছিল ‘অপারেশন সিঁদুর’-এর প্রাথমিক পর্যায়ের কথা বোঝানো। তারা স্পষ্ট করেছে, অভিযান শুরুর আগে পাকিস্তানকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। মন্ত্রক আরও উল্লেখ করেছে, জয়শঙ্করের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই ব্যাখ্যার মাধ্যমে বিদেশ মন্ত্রক সরকারের অবস্থান স্পষ্ট করেছে এবং বিতর্কের অবসান চেয়েছে।




