খবর লাইভ : দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট আয়োজন নিয়ে তদন্তের নির্দেশ দিল ওড়িশার বিজেপি সরকার। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের একাধিক সেবায়েতের উপস্থিতি এবং বিগ্রহ নির্মাণে ব্যবহৃত কাঠ নিয়ে প্রশ্ন তুলেছে ওড়িশা সরকার।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই বিষয়ে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধীকে চিঠি দিয়ে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, দিঘার অনুষ্ঠানে পুরীর কোন সেবায়েতরা উপস্থিত ছিলেন এবং আদৌ দিঘার বিগ্রহ পুরীর নিমকাঠের উদ্বৃত্ত অংশ দিয়ে তৈরি হয়েছে কি না।
জানা গিয়েছে, গত বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে দিঘা মন্দিরে নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। রাজেশ দয়িতাপতির নেতৃত্বে একদল পুরোহিত রুদ্ধদ্বার অনুষ্ঠানে এই ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে দুপুরে ওই মন্দিরেই পাথরের তৈরি অন্য এক বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা।
উল্লেখ্য, দিঘার এই মন্দিরকে ‘জগন্নাথধাম’ নামে অভিহিত করায় আগেই আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। এবার সেই বিরোধ আরও জোরদার হলো বিগ্রহ ও অনুষ্ঠানে পুরীর সম্পৃক্ততা নিয়ে।
এই বিষয়ে ওড়িশা সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে ধর্মীয় ও প্রশাসনিক মহল।




