খবর লাইভ : পাকিস্তানি নাগরিককে বিয়ে করার বিষয়টি গোপন করার অভিযোগে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর এক জওয়ান মুনির আহমেদকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু বিয়ের তথ্য গোপন করাই নয়, অভিযোগ রয়েছে— স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দেশে থাকতে সাহায্য করেছেন তিনি।
শনিবার সন্ধ্যায় সিআরপিএফ-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, মুনির আহমেদের আচরণ বাহিনীর শৃঙ্খলাবিধি এবং দেশের নিরাপত্তা নীতির পরিপন্থী। তাই তাঁকে অবিলম্বে বাহিনী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাটি সামনে আসে যখন জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত মুনির আহমেদের স্ত্রী মিনাল খানকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় ভারত সরকার। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানি নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করে দেয়। ২৭ এপ্রিলের মধ্যে সব নাগরিককে ভারত ছাড়তে বলা হয়। মিনাল খানের মেডিক্যাল ভিসা থাকায় তিনি কিছুটা অতিরিক্ত সময় পান।
এই পরিস্থিতিতে স্ত্রীকে দেশে ফেরত পাঠাতে না দিয়ে মুনির আদালতের দ্বারস্থ হন। জম্মু ও কাশ্মীর হাই কোর্টে মামলা এখনও বিচারাধীন। আদালত মিনালকে পাকিস্তানে ফেরত পাঠানোয় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ১৪ মে মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে।
আদালতে শুনানি চলাকালীন মিনাল যখন অন্যান্য পাক নাগরিকদের সঙ্গে বাসে চেপে অটারী-ওয়াঘা সীমান্তের পথে রওনা দেন, তখনই তাঁর কাছে আইনজীবীর ফোন আসে। সেই ফোনেই তিনি জানতে পারেন আদালতের স্থগিতাদেশের কথা এবং সীমান্ত থেকে ফিরে আসেন।
এই ঘটনায় শুধু সেনাবাহিনীতে নয়, নিরাপত্তা মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। এখন আদালতের রায়ে কী সিদ্ধান্ত আসে, সেটিই দেখার।




