খবর লাইভ : যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে, তা ধরেই প্রস্তুতি নিতে শুরু করল পাকিস্তান সরকার৷ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অন্তত দু মাসের খাবার, ওষুধ সহ জরুরি সামগ্রী মজুত করার নির্দেশও দেওয়া হয়েছে৷ ওষুধ, খাবারের মতো জরুরী সামগ্রী মজুত করার জন্য বিশেষ আর্থিক তহবিলও তৈরি করা হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরের চৌধুরী আনওয়ার উল হক শুক্রবার স্থানীয় বিধানসভায় এই তথ্য জানিয়েছেন৷
এবার ভারতের নিশানা যে পাক অধিকৃত কাশ্মীর হতে পারে, সেই সম্ভাবনা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷ সীমান্তে পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে একটানা গুলি বিনিময়ও চলছে৷ এই পরিস্থিতিতে মুখে দেশের নেতারা যত বড় বড় কথাই বলুন না কেন, ভারতের প্রত্যাঘাতের ভয়ে যে পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে, তা পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেল৷
সীমান্ত লাগোয়া ওই এলাকাগুলির রাস্তা রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে৷ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে যাতে ওই এলাকায় সেনাবাহিনীর পৌঁছতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি সরকারি এবং বেসরকারি সংস্থাকে দিয়ে রাস্তাগুলির হাল ফেরানো হচ্ছে৷ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ভারত বিরোধী মিছিলও সংগঠিত করা হয়৷ সেই মিছিল থেকে ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দেওয়া হয়েছে৷




