খবর লাইভ : আন্তর্জাতিক দিক থেকে পাকিস্তানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে সক্রিয় হতে পারে নয়াদিল্লি। এমনটাই দাবি কয়েকটি রিপোর্টে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও করা হয়েছে। সূত্রের খবর, এ বার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে দমন করতে পদক্ষেপ করতে পারে নয়াদিল্লি।
ভারত বার বার দাবি করে এসেছে, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান। তারাই ভারতে নানা ভাবে হামলা চালায়। পাকিস্তানের মাটিতে বসেই সেই সংক্রান্ত পরিকল্পনা করা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সাহায্য পেয়ে থাকে, সেগুলির অপব্যবহার করা হয়। সেই টাকা দেশের উন্নয়নের জন্য কাজে না লাগিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদতের জন্য খরচ করে থাকে। ভারত এই দীর্ঘ দিনের দাবিকেই এ বার আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদার করতে চাইছে।
যদি পাকিস্তানকে আবার ধূসর তালিকার অন্তর্ভুক্ত করে এফএটিএফ, তবে পাক সরকারের যাবতীয় অর্থনৈতিক পরিকল্পনা, চুক্তি এবং লেনদেনের উপর নজরদারি চালানো হবে। নিয়ন্ত্রণ করা হতে পারে পাকিস্তানে বিদেশি সংস্থার বিনিয়োগ। সে ক্ষেত্রে পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা আরও বাড়তে পারে।




