খবর লাইভ : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুরের জেতা আসন থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছিল দল। পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর আসনে। জিততে পারেননি তিনি। তা নিয়ে সে সময়ে কম বিতর্ক হয়নি।
গত বুধবার, দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে, হাজির ছিলেন তিনি। মমতা-সাক্ষাৎ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। অভিমানী দিলীপ বললেন, আমার আর রাজনীতির দরকার নেই, লড়ার কথা নয় ভোট, লড়ব না, রাজনীতিও করব না। এমনকি গত লোকসভা নির্বাচনে তার আসন বদলে দেওয়া নিয়ে এতদিনে মুখ খুললেন তিনি।
দিলীপ স্পষ্ট বললেন, অভিমান অবশ্যই হয়েছিল, তার থেকে বেশি স্বাভিমানী আমি। পার্টির লোক আমাকে কোনওদিনও জিজ্ঞাসা করেননি, কোথায় দাঁড়াব। বরং আমার সংগঠনমন্ত্রী দেড় বছর আগে জিজ্ঞাসা করেছিলেন, দিলীপদা মেদিনীপুর ঠিক হ্যয় না? লড়বেন না? আমি বলেছিলাম, আপনি বললে লড়ব, নাহলে নয়।
তিনি দাবি করলেন, দলের কেউ নাকি তাঁকে আসন বদলের বিষয়ে কিছু বলেননি, বলিয়েছিলেন সঙ্ঘের লোককে দিয়ে! দিলীপ বললেন, “নাড্ডাজির সঙ্গে সেপ্টেম্বরে কথা হয়েছিল। কেন্দ্রীয় কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদেরকে ওখান থেকে বাদ দিয়ে বলা হয়, নিজের জায়গায় চলে যান ৬ মাস রয়েছে। আমাকে বলা হয়, সংগঠন থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে। আমি বললাম ঠিক আছে। হঠাৎ দেড় মাস আগে বলা হল, আমাকে বর্ধমানে যেতে হবে। পার্টির বলার হিম্মত নেই কারোর। কে বলেছে, জানতেও চাইনি। আমাকে সঙ্ঘের লোকেরা বলেছিলেন।”




