Special News Special Reports State

সিবিআই তদন্তের উপর অনাস্থা দেখিয়ে এবার রাজভবন অভিযান চিকিৎসকদের

0
(0)

খবর লাইভ : আরজি কর কাণ্ডে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যে দাবি করেছিল তার সঙ্গে হুবহু মিল রয়েছে। তাই সিবিআই তদন্তের প্রতি অনাস্থা দেখিয়ে এবার রাজভবন অভিযান করলেন চিকিৎসকরা। সোমবারের এই রাজভবন অভিযানে অবশ্য পুলিশের কাছে আগাম কোনও অনুমতি নেওয়া ছিল না চিকিৎসকদের। ধর্মতলায় যেখানে জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন সেখান থেকেই মিছিল করে যাওয়া হয় রাজভবন। এদিনের মিছিলে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনিয়র চিকিৎসকরাও। এছাড়াও সিনেমা জগতের শিল্পী থেকে শুরু করে আইনজীবী ও অন্যান্য পেশার লোকজন এদিনের অভিযানে সামিল হন। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রচুর সংখ্যক মানুষ এদিনের অভিযানে ধর্মতলা এসে উপস্থিত হন। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারাও এদিনের মিছিলে উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন পোস্টার ও ব্যানার নিয়ে তাঁরা রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন। সিবিআই তদন্তের প্রতি অনাস্থা দেখানোর পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় ওই ব্যানার ও পোস্টারে। এই অভিযানকে ঘিরে কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ কলকাতা পুলিশের একাধিক ডিসি রাজভবনের দিকে চলে যান।

আন্দোলনকারীরা যাতে ভিতরে ঢুকতে না পারেন তার জন্য রাজভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। ব্যারিকেডও তৈরি করা হয়। নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান উঠতে থাকে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি আন্দোলনকারীদের একটা বড় অংশ কালো পোশাক পরে এদিন রাজভবন অভিযানে সামিল হন। বেশ কয়েকটি জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হতে হয় জুনিয়র চিকিৎসকদের। পরে অবশ্য জুনিয়র চিকিৎসকদের ১২ জনের একটি দল রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দিতে যান। নির্যাতিতার বিচারের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের যে ১০ দফা দাবি রয়েছে তাও এই দিনের স্লোগান থেকে উঠতে থাকে।
পাশাপাশি এদিন নবান্নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চিকিৎসকদের একটা অংশ। সেই বৈঠক অবশ্য ফলপ্রসূ হয়নি হলেই জানিয়েছেন চিকিৎসকদের একাংশ।
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘সিবিআই তদন্তের প্রতি আমাদের আস্থা আর থাকছে না। আমরা চাই, অবিলম্বে সঠিক তদন্ত হয়ে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
চিকিৎসক মহলের পাশাপাশি সাধারণ জনগণও এই আন্দোলনে সামিল হওয়াতে রাজ্য সরকারের রাতের ঘুম যে উড়তে চলেছে তা বলাই যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *