খবর লাইভ : ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিকের ফাইনালে উঠেছেন বিনেশ ফোগট। ভারতের প্রথম কুস্তিগির হিসাবে প্যারিসে সোনা জেতার সুযোগ রয়েছে তাঁর। সোনা ছাড়া কিছু ভাবছেন না বিনেশ। সেমিফাইনালে কিউবার গুজ়মান লোপেজকে হারানোর পরে মিক্সড জ়োনে দাঁড়িয়ে ভিডিয়ো কলে পরিবারের সঙ্গে কথা বলেন বিনেশ। অপর প্রান্তে তাঁর মা ও পরিবারের অন্য সদস্যেরা ছিলেন।
আরও পড়ুনঃ পুলিশি তৎপরতায় বাংলাদেশ থেকে ফিরলেন ২৯৭ ট্রাক চালক
অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগে নেমেছেন বিনেশ। প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তথা গত অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের উই সুসাকিকে হারিয়েছেন বিনেশ। গত অলিম্পিক্সে সুসাকি প্রতিপক্ষকে একটিও পয়েন্ট পেতে দেননি। তাঁকেই ৩-২ পয়েন্টে হারান বিনেশ। কোয়ার্টার ফাইনালে তিনি হারান ইউক্রেনের লিভাচ ওকসানাকে। ৭-৫ পয়েন্টে জেতেন বিনেশ।
প্রথম তিন মিনিট শেষ হওয়ার আগে পয়েন্ট পাওয়ার সুযোগ পান বিনেশ। দু’বার ওয়ার্নিং পান লোপেজ়। ফলে ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট তুলতে হত তাঁকে। তিনি পারেননি। সেই কারণে পেনাল্টি হিসাবে ১ পয়েন্ট পান বিনেশ। পরের তিন মিনিট শুরু হওয়ার পরেই বিনেশকেও দু’বার ওয়ার্নিং দেওয়া হয়। ফলে তাঁকেও লোপেজ়ের মতো ৩০ সেকেন্ডে পয়েন্ট তুলতে হত। নইলে প্রতিপক্ষ ১ পয়েন্ট পেয়ে যেতেন। সেই শাস্তিই শাপে বর হল বিনেশের। তার আগে পর্যন্ত রক্ষণাত্মক খেলছিলেন তিনি। কিন্তু রেফারির ওয়ার্নিংয়ের ফলে ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট তুলে নেন বিনেশ। ৩-০ এগিয়ে যান তিনি।৫-০ পয়েন্টে জিতে ফাইনালে ওঠেন বিনেশ।




