Special News Special Reports State

সেতু পেরোতে গিয়ে বিপত্তি, গাড়ি সমেত ভেসে গেলেন কোল ইন্ডিয়ার এক আধিকারিক

0
(0)

খবর লাইভ : সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ঘটে গেলো বিপত্তি । নদীর জলে গাড়ি সমেত ভেসে গেলেন কোল ইন্ডিয়ার এক আধিকারিক৷ চোখের সামনে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন আসানসোলের কল্যাণপুরের বাসিন্দারা৷

ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷ কোল ইন্ডিয়ার ওই আধিকারিক নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে৷

মৃত কোল ইন্ডিয়ার ওই আধিকারিক আসানসোলের ধাদকার সুগম পার্ক এলাকার বাসিন্দা৷ শুক্রবার রাতে অফিস থেকেই বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় কল্যাণপুরে গাড়ুই নদীর উপরে সেতু পার করার সময়ই দুর্ঘটনা ঘটে৷

গত বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টিতে আসানসোলের নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি যখন কল্যাণপুর হাউজিং সেতুর কাছে পৌঁছয়, তখন সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছিল নদীর জল৷ গাড়ির চালক চঞ্চলবাবু সম্ভবত ভেবেছিলেন, বড় গাড়ি হওয়ায় সহজেই সেতু পেরিয়ে চলে যেতে পারবেন তিনি৷ কিন্তু জলের গভীরতা এবং প্রবল স্রোত আন্দাজ করতে পারেননি তিনি৷

গাড়িটি সেতুর মাঝামাঝি পৌঁছতেই জলের স্রোতে গাড়িটি ভেসে যেতে থাকে৷ চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি চঞ্চলবাবু৷ ঘটনার মুহূর্তের ভিডিওতে শোনা গিয়েছে, আশপাশে থাকা মানুষ চিৎকার করে চালককে বার বার গাড়ি থেকে নেমে আসতে বলেন৷

যদিও গাড়ি থেকে না নেমেই কোনওভাবে গাড়িটিকে সেতুর উপরে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করতে থাকেন কোল ইন্ডিয়ার ওই কর্তা৷ কিন্তু জলের প্রবল স্রোতে ক্রমশ গাড়িটি নদীর জলে ভেসে যেতে থাকে৷ এই দুর্ঘটনার পর এ দিন সকাল থেকে গাড়িটির খোঁজে বোট নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে৷ বেশ কিছুক্ষণ তল্লাশির পর গাড়িটি উদ্ধার করা হয়৷ গাড়ির ভিতরেই চঞ্চলবাবুর মৃতদেহ উদ্ধার হয়৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *