খবর লাইভ : স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে এবার বড় সিদ্ধান্ত ঘোষণার পথে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এবার থেকে সব কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। এরপর বৃহস্পতিবার অর্থাৎ ৬ জুন পর্যন্ত থাকছে আদর্শ আচরণবিধি। শিক্ষা দফতর সূত্রে খবর এই বিধি উঠে যাওয়ার পরই সরকারিভাবে নির্দেশিকা জারি করা হবে। ইতিমধ্যেই নবান্নের তরফে সবুজ সংকেত মিলেছে। সম্ভবত ২২ জুন থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ঘুষ মামলায় দোষী সাব্যস্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কলেজে অনলাইন ভর্তির বিষয়টি নিয়ে কিছু পরিকাঠামোগত সমস্যা থাকায় তা বাস্তবায়িত করা যাচ্ছিল না। তবে চলতি শিক্ষাবর্ষে কলেজের হাতে মেধা তালিকার কোনও ক্ষমতা রাখতে চায় না উচ্চশিক্ষা দফতর। সাম্প্রতিককালে কলেজে পড়ুয়া ভর্তির বেনিয়ম থেকে শুরু করে স্বজনপোষণের একাধিক অভিযোগে জর্জরিত হতে হয়েছে রাজ্য সরকারকে। সেই সমস্যা এড়াতে এবার সবটাই উচ্চশিক্ষা দফতরের তরফে দেখা হবে বলে জানা যাচ্ছে। কলেজগুলি শুধু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেভাবে পড়ুয়াড়া কলেজে পড়ার সুযোগ পান এবার থেকে রাজ্যের প্রায় সাড়ে পাঁচশোরও বেশি কলেজে স্নাতক স্তরে সেই নিয়ম মেনে চলা হবে। এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করার পরই কলেজগুলিকে ভর্তির ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে বলে অসমর্থিত সূত্রের খবর।




