খবর লাইভ : হাই কোর্টে সাময়িক স্বস্তি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের। পিয়ালী ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে নিম্ন আদালতে ১২ দিনের জেল হেফাজত ও নতুন মামলায় গ্রেপ্তারের আবেদন করেছিল পুলিশ। কিন্তু হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।
আগামিকাল এই মামলার পরবর্তী শুনানি।আত্মসমপর্ণ করে জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস। পুলিশের তরফে নিম্ন আদালতে ১২ দিনের জেল হেফাজত ও আরও মামলা যুক্ত করার আর্জি জানানো হয়েছিল। পরবর্তীতে অন্য মামলায় ফাঁসানোর আশঙ্কা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মাম্পি দাসের আইনজীবী। তিনি বলেন, “আমার মক্কেল আদালতে জামিন চাইতে গিয়েছিল। সেখানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অন্য মামলায় ফাঁসানো হতে পারে।” এর পরই রাজ্যের আইনজীবীর বক্তব্য জানতে চান বিচারপতি। দু পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।




