খবর লাইভ : এক সংক্রমণেই সব শেষ। চলে গেলেন বিখ্যাত পরিচালক সঙ্গীত শিভান। মালয়ালম ছবির জগতে অসংখ্য কাজ করেছেন তিনি। হিন্দিতে তিনি ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘আপনা সপনা মানি মানি’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ পরিচালনা করেছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দাবি করা হয়েছে যে সংক্রমণের কারণেই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল পরিচালকের। শেষরক্ষা হল না।
‘ভ্রম’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালে বড় পর্দার জন্য শেষ কাজ করেছিলেন। পরিচালকের মৃত্যুর খবর জানা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পরিচালকের ছবি শেয়ার করে রিতেশ দেশমুখ শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন , ‘সঙ্গীত শিভান স্যার আর নেই জেনে গভীরভাবে মর্মাহত। একজন নবাগত হিসাবে আপনি চাইবেন, কেউ আপনাকে বিশ্বাস করে একটি সুযোগ দিন, ‘কেয়া কুল হ্যায় হাম’ এবং ‘আপনা সপনা মানি মানি’-র জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। মৃদুভাষী, ভদ্র এবং একজন চমৎকার মানুষ। তাঁর পরিবার এবং প্রিয়জন, তাঁর স্ত্রী, সন্তান, ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা। খুব মিস করব দাদা। আর আপনার ওই ছোঁয়াচে হাসিটিকেও।’
জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা পোস্ট করে পরিচালককে শেষ শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি।




