খবর লাইভ : প্রচারে বেরিয়ে আক্রান্ত আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির সামনের এবং পেছনের অংশের কাচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।
খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকায় একটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল। তখনই এই ঘটনা ঘটেছে। গাড়িটি দাঁড় করিয়ে রেখে প্রচারে গিয়েছিলেন মিতালী দেবী। গাড়ির পিছনের উইন্ডশিল্ড সহ জানালাগুলি এমনভাবে ভেঙেছে যে, মেরামতের কোনও জায়গাই নেই।
সূত্রের খবর, একদল দুষ্কৃতী মিতালি বাগের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তাঁর গাড়ি ঘেরাও করে এবং গাড়ি ভাঙচুর করে। এই বিষয়ে তৃণমূল নেতা স্বপন নন্দি বলেন,আজকে আমাদের প্রার্থীর প্রচারের সময় তার গাড়িটি দলীয় কার্যালয়ের সামনে রাখা ছিল।সেই সময় দুষ্কৃতীরা প্রার্থীর গাড়ি ভাঙচুর করে, দলীয় কর্মীদের উপরেও হামলা চালায়।এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।তৃণমূলের অভিযোগ, বিজেপি গাড়ি ভাঙচুর করেছে। পাল্টা বিজেপির দাবি, জনরোষের শিকার হয়েছেন তৃণমূল প্রার্থী। সব কিছুর জবাব দেবেন মানুষ, ৪ জুন পর্যন্ত অপেক্ষা করুন, প্রতিক্রিয়া প্রার্থীর।




