খবর লাইভ : শুক্রবার অভিযান শেষে এনএসজি একটি ব্যাগ সঙ্গে করে নিয়ে যায়। কী ছিল ওই ব্যাগে তা নিয়ে কৌতূহল শুরু হয়েছিল। সূত্রের খবর, সিবিআইকে দেওয়া রিপোর্টে এনএসজি জানিয়েছে, ওই ব্যাগে দু’টি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল। এ ছাড়াও বেশ কিছু কার্তুজ এবং বিস্ফোরকও পাওয়া গিয়েছে ব্যাগে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, এই মামলায় জনা দশেক ব্যক্তিকে তলব করা হচ্ছে। পাশাপাশি, এনএসজি-র দেওয়া রিপোর্ট আদালতে দেবে সিবিআই। আবু তালেবের বাড়ি থেকে কী কী অস্ত্র উদ্ধার হয়েছিল, তা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তল্লাশিতে উদ্ধার হয়েছে তিনটি বিদেশি রিভলভার, একটি ভারতীয় রিভলভার, কোল্ট সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করার একটি রিভলভার, বিদেশে তৈরি একটি পিস্তল, একটি দেশি বন্দুক, ৯ মিলিমিটারের ১২০টি বুলেট, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজ, ৯ মিলিমিটার ক্যালিবারের ১২০টি কার্তুজ, পয়েন্ট ৩৮০ কার্তুজ ৫০টি, পয়েন্ট ৩২ কার্তুজ আটটি।
সূত্রের খবর, উদ্ধার হওয়া একটি রিভলভারের লাইসেন্স ছিল শাহজাহানের ভাই আলমগিরের নামে। এ ছাড়াও, আবু তালেবের স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।




