খবর লাইভ : আবার সন্দেশখালি যেতে চেয়ে বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ২৬ ফেব্রুয়ারি ফের জেলিয়াখালি, হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। জানালেন শুভেন্দু অধিকারীর আইনজীবীর। গতকাল ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালির বিভিন্ন জায়গায়। আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। আমাদের তথ্য অনুযায়ী সেটা বাড়াবে প্রশাসন। সওয়াল শুভেন্দুর আইনজীবী।এদিকে, সন্দেশখালির ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য। অনুমতি চেয়ে বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ রাজ্য। শুভেন্দু অধিকারী রক্ষাকবচ মামলা বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তাই রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ নিতে পরামর্শ বিচারপতি চন্দ’র।
এদিকে, শুভেন্দুর আইনজীবী আদালতে বলেন, ”সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক।” যদিও বিচারপতি কৌশিক চন্দ বলেন, ”আগে যে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ভাল না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে। রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিশ দিতে হয়। সোমবার কেন ? অন্যদিন যান।”
বিচারপতির সংযোজন, ”অনেক রাজনৈতিক ব্যক্তিই যাচ্ছেন। আগামী সোমবারই আপনাকে যেতে হবে এই বক্তব্যের কোন গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়। অন্য যে কোনও দিন যেতে পারেন। পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চও বাঁধা হয়নি, দলীয় কর্মীদেরও বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি।” আগামী মঙ্গলবার এই মামলার শুনানি।




