খবর লাইভ : ‘রাষ্ট্রপতি শাসন জারি করা হোক পশ্চিমবঙ্গে।’ সন্দেশখালি ঘুরে এমনটাই পর্যবেক্ষণ জাতীয় তফসিলি কমিশনের। বৃহস্পতিবারই জাতীয় তফসিলি কমিশনের একটি প্রতিনিধি দল, সন্দেশখালি পরিদর্শনে যায়। গ্রামের উৎপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। এর পরেই রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেন তাঁরা।
বৃহস্পতিবার কমিশন প্রধান অরুণ হালদারের নেতৃত্বে একটি টিম যায় সন্দেশখালি। প্রসঙ্গত, সন্দেশখালি একটি তফসিলি জনজাতি অধ্যুষিত এলাকা। এলাকায় তফসিলি জাতি মহিলাদের উপর অত্যাচার, নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণে, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যায় জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ সন্দেশখালি মামলা বাংলার বাইরে সরানোর আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে
এরপরেই, একটি জাতীয় সংবাদ মাধ্যমকে কমিশনের প্রধান অরুণ হালদার জানিয়েছেন, সন্দেশখালির হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা হয়েছে সেই রিপোর্টে। উল্লেখ্য, সন্দেশখালি এলাকায় তফসিলি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপর অত্যাচারের দাবি জানিয়ে আসছে বিরোধীরা।
এদিন বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল যায় সন্দেশখালি। যদিও, সন্দেশখালি থেকে অনেকটা দূরেই তাঁদের আটকে দেয় পুলিশ। পাশাপাশি, শুক্রবার দুপুরে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও যান সন্দেশখালি। তাঁকেও একই ভাবে আটকে দেওয়া হয়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদ।



