খবর লাইভ : নভেম্বরের শেষে, ২৯ তারিখ কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন ধর্মতলায় সভা করে যাওয়ার পরে ডিসেম্বরের শেষে আবার ২৫ তারিখ এসেছিলেন দু’দিনের সফরে।তার সঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সাংগঠনিক বৈঠক ছিল সে বার। জানুয়ারির শেষ রবিবারও তাঁর আসার কথা ছিল। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে বিজেপির কর্মী সমাবেশ ছিল। কিন্তু শাহ আসেন নি। বিহারের রাজনৈতিক পরিস্থিতি মিটতে না-মিটতেই এসে যায় বাজেট অধিবেশন। এখন জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকে আসতে পারেন তিনি। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। চলতি মাসে শাহের পাশাপাশি নড্ডাও আসতে পারেন। তবে এই সফরে তাঁরা কোনও সমাবেশ করবেন না। কারণ, পরীক্ষা পর্ব মেটার আগে মাইক লাগিয়ে সমাবেশ করা যাবে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শাহের ফেব্রুয়ারি সফরে মূলত সাংগঠনিক বৈঠক হবে।
আরও পড়ুনঃ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল গুলি! কাশ্মীরে ফের খুন সংখ্যালঘু, গুরুতর আহত ১
পরীক্ষার রুটিন বলছে, এপ্রিল মাসের আগে কোনও জনসভাই করা যাবে না। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এর পরেই ১৬ তারিখ শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ ২৯ ফেব্রুয়ারি। কিন্তু তাতেও পরীক্ষা পর্ব মিটছে না। গোটা মার্চ জুড়ে দিল্লি বোর্ডের পরীক্ষা চলবে। শেষ ২ এপ্রিল। এর পরে জনসভা করা যাবে। তার আগেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। ফলে, একেবারে ভোট প্রচারেই নেমে পড়তে হবে শাহ, নাড্ডাদের।
রাজ্যের সব লোকসভা এলাকার জন্যই বৈঠক করার কথা শাহ বা নাড্ডার। ৪২ আসনের জন্য রাজ্যে বিজেপির ১১টি ক্লাস্টার রয়েছে। সব ক’টি ক্লাস্টার চারটি করে লোকসভা আসন নিয়ে। আর একটিতে বিজেপির চোখে দু’টি কঠিন কেন্দ্র মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। এই অঙ্কেই বিজেপির পরিকল্পনা, ১০টি ক্লাস্টারে শাহ অথবা নড্ডার কর্মসূচি থাকবে ভোটপ্রচারে নামার আগে। কোথাও কর্মিসভা, কোথাও নেতৃত্বের সঙ্গে বৈঠক, কোথাও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে বৈঠক হবে।
ফেব্রুয়ারির সফরে শাহর মেচেদায় যে সভা হওয়ার কথা ছিল তা আর সম্ভব নয়। তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, শাহের সফর চূড়ান্ত হওয়ার পরেই কী ভাবে এই ১২টি লোকসভা এলাকার কর্মসূচি সাজানো যায় তা ঠিক হবে। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে বসবে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন। সেখানে রাজ্য বিজেপির সব নেতা তো বটেই, সাংসদ, বিধায়ক এবং প্রাক্তনদেরও উপস্থিত থাকার কথা।




