খবর লাইভ : প্রথম থেকেই ইরানকে দোষারোপ করছে ওয়াশিংটন। এ বার সেই হামলার ‘বদলা’ও নিল আমেরিকা। শুক্রবার ইরাক এবং সিরিয়ায়, ইরানের বাহিনী এবং তেহরান সমর্থিত সশস্ত্র বাহিনীর উপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল আমেরিকার বায়ুসেনা। সেই হামলায় সিরিয়ায় ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে পেন্টাগন সূত্রে খবর। উল্লেখযোগ্য যে, ইরাক এবং সিরিয়ায় থাকা ইরান বাহিনীর উপর হামলা চালালেও ইরান ভূখণ্ডে কোনও হামলা চালায়নি আমেরিকা।
আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের সামরিক বাহিনী ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর পাশাপাশি তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপরেও হামলা চালিয়েছে আমেরিকা। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমেরিকা থেকে উড়ে যাওয়া দূরপাল্লার যুদ্ধবিমানগুলিকে ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’’
মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও।
আরও পড়ুনঃ কংগ্রেসের আসন জয় নিয়ে ভবিষ্যদ্বাণী মমতার, রাহুলের যাত্রাকেও কটাক্ষ
তিনি বলেন, ‘‘আজ থেকে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাতে শুরু হয়েছে। আমাদের পছন্দের সময়ে এবং জায়গায় এই প্রতিক্রিয়া চলতে থাকবে।’’ বাইডেন আরও যোগ করেছেন, ‘‘আমেরিকা পশ্চিম এশিয়ার অন্য কোথাও সংঘাত চায় না। তবে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সবার একটা কথা জানা উচিত— আমেরিকার এক বাসিন্দারও যদি কেউ ক্ষতি করে, তা হলে আমরা তার যোগ্য জবাব দেব।’’




