খবর লাইভ : রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সঙ্গে ছিলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ শুভেন্দু সহ বিজেপির একাধিক বিধায়ক স্বাস্থ্য ভবনে যান। ডেঙ্গি নিয়ে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, স্বাস্থ্য ভবনের গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দুর বাকবিতণ্ডা শুরু হয়। যা নিয়ে স্বাস্থ্য ভবনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিরোধী দলনেতার অভিযোগ, বিজেপিকে ভয় পেয়েই স্বাস্থ্য ভবনে প্রবেশ থেকে আটকানো হয়েছে। প্রসঙ্গত, ডেঙ্গি রোধে সরকার ১৫ দফা নির্দেশিকা জারি করেছে। তবে বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি রোধে রাজ্য সরকার উদাসীন। আর তাই মঙ্গলবার স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু সহ বিজেপির ২২ বিধায়ক। কিন্তু অভিযোগ, পুলিশ শুভেন্দুদের আটকে দেয়।
শুভেন্দু জানান, স্বাস্থ্য ভবনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন তিনি। কিন্তু ‘দু’মিনিটের কাজে’র জন্য তাঁকে এবং অন্য বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে একশো জনের মৃত্যু হয়েছে। তাঁর কাছে সমস্ত তথ্য রয়েছে বলেও দাবি শুভেন্দুর।




