খবর লাইভ : মঙ্গলবারই বিদেশ সফরে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পক্ষে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তবে যা জানা গিয়েছে ১২ দিনের সফরে তিনি আমেরিকা রওনা হবেন মঙ্গলবার। তাঁর সঙ্গে দেশের আরও কয়েকজন রাজ্যপাল থাকতে পারেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, বোস যে বিদেশ সফরে যাচ্ছেন তা অনেক আগেই জেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরের মধ্যেই তিনি জানতে পেরেছিলেন বিদেশে যাওয়ার জন্য বোসের কাছে রাষ্ট্রপতি ভবনের অনুমোদন এসে গিয়েছে। কোনও রাজ্যপালকে বিদেশে যেতে হলে যে অনুমোদন নিতেই হয়।
আরও পড়ুনঃ দুরন্ত ফর্মে শুভমন গিল, বিশ্বকাপের আগে দলকে ভরসা শ্রেয়াসের
রাজভবন বোসের বিদেশ সফর নিয়ে কোনও কিছু ঘোষণা না করলেও একটি বিষয় জানা গিয়েছে যে সরকারি কর্মসূচির পাশাপাশি আমেরিকায় একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন বোস। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। আমেরিকার একাধিক শহরে তাঁর কর্মসূচি রয়েছে। সে সব মিটিয়ে ৭ অক্টোবর কলকাতায় ফেরার কথা বোসের।
রবিবার ছুটির দিনেও তিনি রাজ্যের সব উপাচার্যকে নিয়ে বৈঠকে বসছেন। সেখানে সকলকে উপস্থিত থাকতে আগেই নির্দেশ পাঠিয়েছেন তিনি। অন্য দিকে, সম্প্রতি ধূপগুড়ি উপবনির্বাচনে জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায় এখনও বিধায়ক হিসাবে শপথ নিতে পারেননি। তা নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে। নির্মলচন্দ্রকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজভবনের তরফে প্রস্তুতি নেওয়া হলেও তা শেষ পর্যন্ত হয়নি। পরিষদীয় দফতরের অভিযোগ ছিল, রাজ্যকে এড়িয়ে একক ভাবে বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর আয়োজন করেছিলেন রাজ্যপাল। কিন্তু পরিষদীয় দফতর সায় না দেওয়ায় সেই শপথগ্রহণ অনুষ্ঠান করা সম্ভব হয়নি রাজভবনের তরফে। হাতে আর সময় নেই।




