খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ খেজুরিতে। হামলায় সাংসদের গাড়ির কাচ ভাঙে। আহত হন প্রবীণ সাংসদ নিজে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। শিশিরের ছেলে তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর বাবার মাথায় আঘাত লেগেছে।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলায় শিশিরের গাড়ি দেখার পর আচমকা স্লোগান তোলেন কয়েক জন। অভিযোগ, ওই ভিড় থেকে কয়েক জন ইট ছোড়েন সাংসদের গাড়িতে। তার ফলে কাচ ভাঙে গাড়ির। আহত হন কাঁথির সাংসদ।
এর পর শিশিরকে কাঁথির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশিরের ছেলে তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকার পুরো ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘‘হামলা হয়েছে শুনলাম। বাবার গাড়ির কাচ ভেঙে দিয়েছে। ওই সময় গাড়ি ব্রেক কষে। সেই ঝাঁকুনিতে বাবার চোট লাগে মাথায়।’’
গেরুয়া শিবির এই হামলার দায় তৃণমূলের উপরে চাপিয়েছে। অন্য দিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ।




