খবর লাইভ : ‘পাঠান’ মুক্তির ৯ মাসের মাথায় ফের বড় পর্দায় বাদশা। তার আগে বিভিন্ন মন্দিরে ছুটছেন তিনি। দিন কয়েক আগেই জম্মু উড়ে গিয়েছিলেন তিনি। পুজো দেন বৈষ্ণোদেবীর মন্দিরে। এ বার তিরুপতির মন্দিরে দেখা গেল অভিনেতাকে। সঙ্গে ছিলেন কন্যা সুহানা খান।
দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুণ্ড পরে পুজো দিলেন অভিনেতা। সঙ্গে দক্ষিণী কুর্তা ও উত্তরীয়। মেয়ে সুহানার পরনে সাদা সালোয়ার। সোমবার রাতে যখন বৈষ্ণোদেবীর মন্দিরে যান সেই সময় মুখ ঢাকা ছিল শাহরুখের। অন্য দিকে, মঙ্গলবার অবশ্য একেবারে অন্য অবতারে বাদশা। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু, জোড় হাতে জানালেন কৃতজ্ঞতা। প্রায় ৪০ মিনিট কাটালেন মন্দিরের ভিতরে। অভিনেতার এই ঘন ঘন মন্দির দর্শন অনেকে অবশ্য ছবির প্রচারের অঙ্গ হিসাবেই দেখছেন।




