খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়াল এক অধ্যাপকের৷ অভিযুক্ত ওই অধ্যাপকের নাম রানা রায়৷ তিনি কোচবিহারের এনবিএন সিল কলেজের অধ্যাপক৷
তাৎপর্যপূর্ণ ভাবে ওই অধ্যাপক যে আবাসনে থাকেন, সেখানকার বাসিন্দারাও ওই অধ্যাপকের বিরুদ্ধে অশ্লীল ভাষায় চিঠি পাঠানোর অভিযোগ এনেছেন৷ চিঠির সঙ্গেই ওই অধ্যাপক প্রতিবেশীদের গর্ভনিরোধকও পাঠাতেন বলে অভিযোগ৷
শুক্রবার রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার হুমকি চিঠি পান৷ বিষয়টি নিয়ে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। হুমকি চিঠিতে বলা হয়, ‘যাদবপুর কাণ্ডে আপনারা সৌরভ চৌধুরীকে ফাঁসিয়েছেন।’ পাশাপাশি চিঠিতে তাঁদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একইসঙ্গে চিঠিতে লেখা হয়, ‘রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে জুতোর মালা পরানো হবে।’ সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়েছে চিঠিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




