Special News Special Reports State

কয়লা পাচারের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাজুর! সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

0
(0)

খবর লাইভ : শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট সাফ জানিয়েছে আগামী চার মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতেই হবে। তবে বুধবার রাজু ঝা খুনের ঘটনায় কয়লা পাচার মামলার সরাসরি যোগাযোগ আছে বলেও এদিন উল্লেখ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি জানান, ঘটনার দিন রাজু ঝা-র সঙ্গে একই গাড়িতে ছিলেন আব্দুল লতিফ, কয়লা পাচার মামলার চার্জশিটে তার নামও উল্লেখ করা হয়েছে। আর সেকারণেই কয়লা পাচার ও রাজু ঝা খুনের মামলায় সরাসরি যোগ রয়েছে বলেই এদিন মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।

আরও পড়ুনঃ মনোনয়ন নিয়ে কর্মীদের উপর হামলার অভিযোগে হাইকোর্টে আইএসএফ-সিপিএম

তবে এদিন হাইকোর্টের সাফ নির্দেশ, রাজ্য পুলিশ অবিলম্বে সিবিআই ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের এসপি-কে কেস ডায়েরি সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করবে। এরপরই বিচারপতি মান্থা উল্লেখ করেন, গত চার দশক ধরে কয়লা পাচার একটা বড় ইস্যু। এই খুনের তদন্তভার সিবিআই-এর হাতে না গেলে কয়লা পাচার মামলার তদন্তও জোর ধাক্কা খাবে বলে মনে করেন বিচারপতি। বিচারপতি মান্থার মন্তব্য, ‘কোনও কোনও অভিযুক্ত মনে করছেন সিবিআই-এর হাতে তদন্ত গেলে আমি রক্ষা পাব। কেউ আবার ভাবছে রাজ্যের হাতে তদন্ত থাকলে আমার সুবিধা।’

অন্যদিকে, রাজু ঝা-র স্ত্রী এদিন হাই কোর্টে জানান, গত ১ এপ্রিল শক্তিগড়ে রাজু ঝা খুন হন। অথচ সিবিআই এপ্রিলের শেষে তাঁকে কয়লা মামলায় সমন পাঠিয়েছে। তবে এদিন বিচারপতি মান্থা সমস্ত পক্ষের বক্তব্য শুনে বলেন, কয়লা মামলায় চার্জশিটে রাজু ঝা অভিযুক্ত না হলেও ২০১৫ সাল থেকে একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি। যেহেতু কয়লা, গরু পাচারের মামলা সিবিআই তদন্ত করছে, আর দুটি ঘটনায় যোগ আছে তাই আদালত মনে করে রাজু ঝা খুনের তদন্ত করুক সিবিআই।

তবে এদিন সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ জানান, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার ফলে বিচারপ্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কেন্দ্রের যে সরাসরি যোগসাজশ রয়েছে তাও এদিন স্পষ্ট করেন কুণাল। তাঁর অভিযোগ, বিজেপি নিজেদের অপরাধ আড়াল করতেই জোর করে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছে। তবে ঘটনার পিছনে যারা জড়িত তাদের সামনে এনে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *