খবর লাইভ : পুরনিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়।সেই মামলা এ বার সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হল। এ ব্যাপারে সম্প্রতিই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। জানতে চাওয়া হয়েছিল, একই মামলা এক সঙ্গে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে চলছে কী ভাবে?
পুরসভার মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বদলে এসেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তিনিও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখার পর এখন মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে। কিন্তু মামলাটি যে একইসঙ্গে সুপ্রিম কোর্টেও রয়েছে তা জানানো হয়নি রাজ্যের তরফে। গত বৃহস্পতিবার এই নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি চক্রবর্তী।
রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সুপ্রিম কোর্ট থেকে মামলাটি প্রত্যাহার করে নেবে। সেই অনুযায়ী রাজ্য সুপ্রিম কোর্ট থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত মামলাটি সরিয়ে নিয়েছে।




