খবর লাইভ : বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর শুক্রবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর সঙ্গে বৈঠক সারলেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিনের বৈঠকে মনোনয়ন পেশ থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এদিন প্রাথমিক ভাবে পাঁচ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে জলপাইগুড়ি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।
অন্যদিকে, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য নির্বাচন কমিশনার। তবে এদিন রাজীব সিনহা মনোনয়ন পেশের সময় নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন, মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার জন্য যতটা সময় দেওয়া হয়েছে, এর থেকে অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজীব সিনহা। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একসঙ্গে একদফায় পঞ্চায়েতের ভোট গ্রহণ। ১১ জুলাই ফল ঘোষণা। শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন। মনোয়ন স্ক্রুটিনি হবে ১৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ জুন।




