খবর লাইভ :সত্যি হল আশঙ্কা! ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পের কবলে সে দেশে এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।
৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জু়ড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কবলে পড়ে তাসের ঘরে মতো ভেঙে পড়ে দু’দেশের ঘরবাড়িগুলি। ধ্বংসস্তূপে চাপা পড়েন বহু মানুষ। তার পর থেকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেই সংখ্যা বর্তমানে ৫০ হাজারের গণ্ডি টপকেছে।
সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। তুরস্কের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার ১৯ দিন পেরিয়েছে। প্রবল শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। তবুও তাঁরা হাল ছাড়তে রাজি নন।
ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তারও কোনও পরিসংখ্যান নেই।
ভূমিকম্পবিধ্বস্ত দু’দেশে এখন শুধুই স্বজনহারাদের কান্নার রোল। হাসপাতালগুলিতেও চিকিৎসা চলছে লক্ষাধিক মানুষের। যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদেরও খাবার, পানীয় জল ও ওষুধ সরবরাহ করতে নাজেহাল আন্তর্জাতিক ত্রাণ সংগঠনগুলি।




