খবর লাইভ : ভিডিও কল চলাকালীনই স্ত্রীকে আত্মহত্যার হুমকি৷ সঙ্গে সঙ্গে পুলিশেও খবর দিয়েছিলেন স্ত্রী৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও শেষ রক্ষা হয়নি৷ দক্ষিণ কলকাতার গরফার ফ্ল্যাট থেকে এক উচ্চপদস্থ ব্যাঙ্ক কর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ ওই ব্যাঙ্ককর্তার স্ত্রী গুজরাতের আহমেদাবাদে থাকেন৷
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের কারণেই আত্মঘাতী হয়েছেন ৪৭ বছর বয়সি ওই ব্যাঙ্ক কর্তা৷ স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যাঙ্ক কর্তার স্ত্রী৷ যদিও সবদিকই খতিয়ে দেখছে পুলিশ৷ গরফার ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ৷
গভীর রাতে স্ত্রীর সঙ্গে ভিডিও কল করার সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কলকাতার এক বেসরকারি ব্যাঙ্ককর্তা। রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ স্ত্রীর এই অভিযোগ পেয়ে ওই ব্যাঙ্ককর্তার ফ্ল্যাটে পৌঁছন গরফা থানার পুলিশ আধিকারিকেরা। এর পর ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় (৪৭)। রবিবার রাত ৩টে ৩৫ মিনিট নাগাদ গরফা থানায় ফোন করেছিলেন প্রসূনের স্ত্রী অপর্ণা বন্দ্যোপাধ্যায়। এর পর গরফার পূর্বাচল মেন রোডে প্রসূনের ফ্ল্যাটে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। সেই ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে কারও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। এর পর প্রসূনের ড্রয়িং রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রসূনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


