খবর লাইভ : রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হল । কেঁপে উঠল দিল্লি সহ আশেপাশের বেশ কিছু এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে যে ভূমিকম্প অনুভূত হয় তাঁর মাত্রা রিখটার স্কেলে ছিল প্রায় ৫.৮। টানা ২৫ থেকে ৩০ মিনিট এই কম্পনের রেশ ছিল। তবে এদিনের ভূমিকম্পে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্ত। উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় এই ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছে এছাড়াও দিল্লি, উত্তর প্রদেশের নয়ডা, গাজিয়াবাদে অনুভূত হয় ভূমিকম্প। যার জেরে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বাড়ি, অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, এর আগে ৫ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। সেই সময় উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের কুশ এলাকা। তখনও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছিল প্রায় ৫.৮। আবারও সেই দিল্লিতেই দেখা গেল ভূমিকম্প। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারিতেও দিল্লিতে জোরালো ভূমিকম্প দেখা দেয়। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। যার জেরে কেঁপে উঠেছিল গোটা রাজধানী দিল্লি।




