খবর লাইভ : ট্রেনে এতদিন হকারের আনাগোনা ছিল খুব স্বাভাবিক ব্যাপার। কার্যত ট্রেনের হকারদের কাছ থেকে পাওয়া যায়না, এমন কোনও জিনিস নেই। কিন্তু এবার সেই হকারদের রুটি রুজিতে টান পরতে চলেছে।জানা গিয়েছে, হাওড়া-শিয়ালদা দিয়ে চলাচলকারী ৪৭ টি ট্রেনে এবার বন্ধ হয়ে যাচ্ছে হকারি। ট্রেনে হকাররা যে জিনিস বিক্রি করেন সেগুলি এবার ভেন্ডারদের থেকে পাওয়া যাবে।ইতিমধ্যেই এই বিষয়ে নয়ডার একটি সংস্থার সঙ্গে কথাবার্তা পাকা হয়েছে বলে জানিয়েছে আইআরসিটিসি। কিন্তু এরপর মিথিলা এক্সপ্রেসে ওই সংস্থা ভেন্ডিং করতে গিয়ে সমস্যার মুখে পড়ে। তাঁরা অভিযোগ জানান আরপিএফকে।পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানিয়েছেন, বেআইনিভাবে যদি মানুষজনকে ট্রেনে কোনরকম সামগ্রী বিক্রি করা হয়, তাহলে গ্রেফতার করা হবে। অন্যদিকে রেলের এই সিদ্ধান্তে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই সিদ্ধান্তের ফলে রুটিরুজি হারাবেন কয়েক হাজার গরিব মানুষ।
পাশাপাশি তিনি বলেন, এই সিদ্ধান্ত বাতিলের জন্য আন্দোলনে নামা হবে। অন্যদিকে আইএনটিটিইউসি পূর্ব রেল চত্বরের হকারদের সাধারণ সম্পাদক বাপি ঘোষ জানিয়েছেন, এবার থেকে অসংরক্ষিত কামরায় হকারি চলবে। সব মিলিয়ে রেলের সিদ্ধান্তে হকাররা যে বড়সড় বিপদের মুখে পড়লেন, তা বলাইবাহুল্য।




