খবর লাইভ : উদ্বোধনের আগেই পাথর পড়ল বন্দে ভারত এক্সপ্রেসে । উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের পরে এ বার অন্ধ্রপ্রদেশ! দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে ক্ষতিগ্রস্ত হল সেমি হাই স্পিড ট্রেনের একটি জানালার কাঁচ। এদিন ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি অন্ধপ্রদেশ থেকে চালু হওয়ার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
বুধবার এই ট্রেনটির ছিল পরীক্ষামূলক যাত্রা। এদিন সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শহর বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে একটি কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও রেল সূত্রের খবর, যদিও সে সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না।
বিশাখাপত্তনমের ডিআরএম জানিয়েছেন, ‘‘বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বিশাখাপত্তনম স্টেশন থেকে মাররিপালেম কোচ মেনটেন্যান্স সেন্টারের উদ্দেশে পরীক্ষামূলক যাত্রার সময় পাথর ছোড়া হয়। একটি কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরপিএফ অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।’’ দেশের বিভিন্ন রাজ্যে বন্দে ভারতের ওপর পাথর ছোড়ার ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন রেলদপ্তর।




