Special News Special Reports State

মোদিকে ‘বিবেকানন্দের নবরূপ’ বলে বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁর

0
(0)

খবর লাইভ : আজ বিবেকানন্দের জন্মদিনে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলনা করলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে।শুধু তুলনা টেনেই ক্ষান্ত হননি তিনি, আধুনিক ভারতে মোদিরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছে বলে দাবি করলেন সৌমিত্র।

বৃহস্পতিবার বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এ দিন বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার এলাকায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সৌমিত্র। সেখানেই সরাসরি মোদিকে বিবেকানন্দের নবরূপ বলে মন্তব্য করেন সৌমিত্র। জেলা বিজেপি অবশ্য সাংসদের এই মন্তব্যের দায় নেয়নি। নেতৃত্বের সাফ কথা, ”এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

এদিন বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “স্বামী বিবেকানন্দ নবরূপে ফিরে এসেছেন নরেন্দ্র মোদি হিসেবে। কারণ যেভাবে স্বামীজি দেশের কাজ করতেন ঠিক সেভাবেই দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন প্রধানমন্ত্রী। তাই আমার মনে হয় তিনিই আজকের স্বামীজি।” এই মন্তব্য করেই বিপাকে পড়েছেন বিজেপি সাংসদ। পাল্টা  রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সৌমিত্রর ব্যাপারে এ বার আমি বলতে বাধ্য হচ্ছি যে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি জীবনের সবকিছু ত্যাগ করে ধর্মের, দেশের সেবা করেছেন। কেউ ত্যাগ করে সেবা করেন, কেউ দেশ সেবা করেন ভোগ করে। স্বামীজিকে এ ভাবে তাচ্ছিল্য করে ওঁর অপমান করা হচ্ছে। বাংলার মানুষ এটা মেনে নেবেন না।”

বিজেপি সাংসদের এই বক্তব্য চাউর হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *