খবর লাইভ : শীতের রাতে কৃষকদের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ বিহার পুলিশের বিরুদ্ধে। বাড়ির দরজা ভেঙে পুরুষ, মহিলা নির্বিশেষে সবার উপর নির্বাচারে লাঠি চালাল পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে বিহারের বক্সরের ঘটনা। ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে ওই মারধরের বেশ কিছু ছবি।
জানা গেছে, বুধবার মধ্যরাতে বিহারের বক্সরে কয়েকটি বাড়িতে হানা দেয় নীতীশ কুমারের পুলিশ। তার পর কোনও বাক্যব্যয় না করে কৃষক পরিবারের উপরে নির্বিচারে লাঠি চালানো হয়। অভিযোগ কাউকে কাউকে ঘুম থেকে তুলেই মারধর করে পুলিশ।
গত কয়েক দিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। বক্সরের চৌসা ব্লকে একটি বড় অংশের জমি অধিগ্রহণ করেছে বিহারের একটি হাইড্রোইলেকট্রিক কোম্পানি। গত ২ মাস ধরে এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকরা।




